৪ জানুয়ারি শেষ হচ্ছে ব্ল্যাকবেরি অধ্যায়!
আগামী ৪ জানুয়ারি শেষ হচ্ছে এক সময়ের ‘কিং অব মোবাইল’ খ্যাত ব্ল্যাকবেরি অধ্যায়! কারণ, এই দিন থেকে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ৭.১ অথবা তার আগের সংস্করণ, একইসাথে ওএস ১০ ডিভাইসগুলোতে প্রধান সেবাগুলো বন্ধ হয়ে যাবে।
আর এই প্রধান সেবাগুলো আসলে সবচেয়ে আবশ্যকীয় ফিচার যেমন ফোন কল, টেক্সট, ডেটা, এমনকি জরুরী কলিং সেবা। ব্যবহারকারীরা ওয়াই-ফাই এবং অন্যান্য অ্যাপস যেমন ব্ল্যাকবেরি ওয়ার্ল্ড ও ডেস্কটপ ম্যানেজারের সুবিধাও হারাতে পারেন। ফলে কার্যত ফোনটি অকেজো হয়ে যাবে বলা চলে।
একইদিনে কোম্পানির ট্যাবলেট ‘প্লেবুক’ এর অধ্যায়ও শেষ হচ্ছে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই। ২০১৯ সালেই ব্ল্যাকবেরি তাদের অ্যাপ স্টোর এবং জনপ্রিয় মেসেঞ্জার বিবিএম বন্ধ করে দেয়। ফলে ব্ল্যাকবেরির আর ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
আইফোনকে পাত্তা না দেয়া এবং অ্যান্ড্রয়েডের তুলনায় নিজেদেরকে আপগ্রেড করতে না পারার কারণেই বাজার হারিয়েছে ব্ল্যাকবেরি।
ডিবিটেক/বিএমটি